গণমাধ্যমকে অন্ধকার ছায়া থেকে নজরদারি করা হচ্ছে : রিজভী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০৩:০৫ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের পর থেকে গণমাধ্যমকে ‘অন্ধকার ছায়া’ থেকে নজরদারি করা হচ্ছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ। এখন সেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং নজরদারির মধ্যে রাখা হয়েছে কেউ সরকারবিরোধী কিছু বলছে বা লিখছে কি না সেজন্য। দেশ ‘একদলীয় দুঃশাসন প্রতিষ্ঠার চূড়ান্ত পর্বে উপনীত হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, এখানে টুঁ-শব্দ করা যাবে না। ভিন্নমত প্রকাশিত হলে সঙ্গে সঙ্গেই পুলিশি আক্রমণের মুখে পড়তে হবে। মানুষকে রুদ্ধশ্বাসে একদল ও এক ব্যক্তির বন্দনা করতে হবে। নইলে কারাবাস বা ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে।

বিএনপি নেতা রিজভী আরও অভিযোগ করেন, ভোটের পর সারা দেশে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা বৃদ্ধি পাওয়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তিনি বলেন, আওয়ামী লীগকে বিজয়ী করতে ভোট ডাকাতিতে ব্যস্ত থাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। সমাজজীবনে শান্তিশৃঙ্খলা ভেঙে পড়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ‘টালবাহানা’ করছে অভিযোগ করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত