এলজিইডির প্রধান প্রকৌশলীকে হাইকোর্টের তলব

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০২:৪৬ পিএম

আদেশ পালন না করায় এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদকে তলব করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ তলবের আদেশ দেন।

আগামী ১২ ফেব্রুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

২০১০ সালে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের মে মাসে  এলজিইডির ১০২জনকে উপসহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দিতে স্থানীয় সরকার বিভাগের সচিব ও প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। এ আদেশের বিরুদ্ধে আপিল করলে তা খারিজ হয়ে যায়। এরপরও রায় বাস্তবায়ন না হওয়ায় ওই বছর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন হাইকোর্ট।

গত বছরের ১২ মে এবং ১৬ অক্টোবর পৃথক আদেশে আদালতের আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর না হওয়ায় আজ তলবের এ আদেশ দেন হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত