হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী সরকারের চিকিৎসা সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
মঙ্গলবার রাতে সরকারের কাছে রক্ষিত পাসপোর্ট তাকে ফেরত দিতে গিয়ে হাসপাতালে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর মোহাম্মদ জয়নুল আবেদিন তাকে চিকিৎসা সহায়তার প্রস্তাব দেন। তবে সে প্রস্তাব গ্রহণ করেনি বাবুনগরী।
হাটহাজারী পৌরসভার হেফাজত ইসলামের আমীর মীর ইদরিস বুধবার সোয়া ৫টার দিকে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
মীর ইদরিস বলেন, মঙ্গলবার সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ফেরত দেওয়ার সময় জুনায়েদ বাবুনগরীকে সরকারের পক্ষ থেকে চিকিৎসা খরচ দেওয়ার প্রস্তাব জানান হয়। তবে তিনি তা গ্রহণ করেননি।
এর আগে জুনায়েদ বাবুনগরীর উন্নত চিকিৎসার্থে জব্দকৃত পাসপোর্ট মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বারডেম হাসপাতালে তাকে ফেরত দেওয়া হয়েছে বলে হেফাজত ইসলাম হাটহাজারী পৌরসভার আমির মীর ইদ্রিস গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, বাবুনগরীর পাসপোর্ট দীর্ঘদিন পর্যন্ত সরকারের হেফাজতে ছিল। হেফাজত ইসলামের আমির আহমদ শফীর প্রচেষ্টায় সরকার এ পাসপোর্ট উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ফেরত দেয়।
এরে আগে, হাটহাজারী মাদ্রাসার মাসিক মুখপত্র ‘মুঈনুল ইসলাম’র নির্বাহী সম্পাদক মুফতি সরওয়ার কামাল মঙ্গলবার গণমাধ্যমকে জানান, আল্লামা শাহ আহমদ শফী নিজ উদ্যোগে বাবুনগরীর পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের কাছে তিনি বিষয়টি তুলে ধরেছেন এবং পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
মুফতি সরওয়ার কামাল বলেন, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর মোহাম্মদ জয়নুল আবদিনের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সামরিক সচিব আশ্বাস দিয়ে বলেন, আলোচনা করে আজকের (মঙ্গলবার) মধ্যেই পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হবে।
এ ছাড়া মঙ্গলবার বাদ আসর হাটহাজারী ডাকবাংলো চত্বরে জুনায়েদ বাবুনগরীর উন্নত চিকিৎসার স্বার্থে তার জব্দ পাসপোর্ট ফেরত ও দেশের বাইরে সুচিকিৎসার ব্যবস্থার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাবুনগরী সমর্থক পরিষদ। সভা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পাসপোর্ট ফেরত দিতে সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়।
