ছাত্রলীগকে সুবিধা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলের মধ্যে রেখেছে বলে অভিযোগ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ মার্কসবাদী) ।
বুধবার সকাল সাড়ে ১১টায় আবাসিক হলগুলো পরিবর্তে নিকটস্থ একাডেমিক ভবনগুলোতে ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এছাড়া সংবাদ সম্মেলনে দখলদারিত্বের পরিবেশ নয়, ভয়মুক্ত-গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন দেওয়া এবং প্রথম বর্ষ থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে হলে বৈধ সিটের ব্যবস্থার দাবি জানান তারা। এসব দাবিতে আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ এবং উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘প্রশাসন হলগুলোতে দখলদারিত্বের সহযোগীর ভূমিকা পালন করছে। প্রশাসন ভোটকেন্দ্র হলে করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘অবাধ ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে না পারলে নির্বাচনের উদ্দেশ্য ব্যাহত হবে এবং ক্ষমতাসীনদের ক্ষমতা আরও সংহত হবে’।
অন্যদিকে, ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবিতে বিকেল ৫ টায় মশাল মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট।
