ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃতি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃতিকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তারা এই মানববন্ধন করেন।
গত ২৭ জানুয়ারি রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আকতারুজ্জমান বলেন, 'দশ টাকায় এক চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ এগুলো পাওয়া যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি)। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য'।
তার বক্তব্যর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ছাত্রলীগ বিভিন্ন নেতারা উপাচার্যের পক্ষে অবস্থান গ্রহণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। সমালোচকরা চা, সিঙ্গারা, সমুচার ছবি দিয়ে বিকৃত করেছে বিশ্ববিদ্যালয়ের লোগো।
এ প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অস্তিত্ব, আবেগ ভালোবাসার জায়গা। এই জায়গায় কেউ আঘাত করলে আমাদের অস্তিত্বে লাগে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃত করে তারা বিকৃত মস্তিষ্কের। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে এমন ন্যক্কারজনক কাজ করতে কেউ সাহস না পায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইলিয়াস উদ্দিন, মাজহার শামীম, জয়নাল আবেদীন, আরাফাত, মোস্তফা, তাহসান আহমেদ রাসেল, শেখ আব্দুল্লাহ, আল আমিন বোরহান উদ্দিন, মুকুল।
