দিনাজপুরে গৃহ শিক্ষক কর্তৃক আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে দিনাজপুরের রামনগর হিরার মোড়ে এ ঘটনা ঘটে।
রাতেই পুলিশ খবর পেয়ে অভিযুক্ত তহিদুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত তহিদুল ইসলাম সদর উপজেলার রামনগর মামুনের মোড়ের মৃত হাসেম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার কোতোয়ালি থানার রামনগর মামুনের মোড় এলাকার তহিদুল ইসলাম (৪৮) স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকেন। বাড়িতে থেকে বেশ কয়েকজন ছোট ছোট বাচ্চাকে প্রাইভেট পড়াতেন। বুধবার শেষ বিকেলে রামনগর হিরার মোড়ে একটি বাড়িতে প্রাইভেট পড়ান তহিদুল। একসঙ্গে ৫/৬ জন বাচ্চাকে প্রাইভেট পড়াতেন তিনি। কিন্তু বুধবার সবাইকে আগাম ছুটি দিয়ে আট বছরের এক শিশুকে তার বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সময় তাকে ধর্ষণ করেন।
সদর থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার বিকেলে বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুটির বাড়িতে প্রাইভেট পড়াতে যান তহিদুল ইসলাম। এ সময় একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটি তার মা’কে এসে বলে দিলে তহিদুলকে ধরে ফেলে এবং শিশুটির মায়ের ডাকে আশপাশের লোক এসে আটক করে তহিদুলকে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাবা-মা শিশুটিকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
দিনাজপুর সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ.এম.এম নামজুল আহমেদ বলেন, আমরা ধর্ষণের অভিযোগ পেয়ে তহিদুল ইসলামকে রাতেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এই ঘটনায় থানায় এজাহার হলেও বুধবার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।
তিনি আরও বলেন, মেডিকেল থেকে যে রিপোর্ট আসবে তার পরিপ্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. রেদওয়ানুর রহিম বলেন, ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে তার উপযুক্ত শাস্তি হবে নিশ্চিত।
দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান হোসেন জানান,“ শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। প্রতিবেদন আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
