সরকার সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে: প্রধানমন্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০৩:৪১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ধর্মীয় অথবা জাতিগত পরিচয়ের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সচেষ্ট।

তিনি বলেছেন, যখন আমরা উন্নতির কথা বলব, তখন আসলে সব ধর্ম, বিশ্বাস ও বর্ণের মানুষের উন্নতির কথাই বলব। 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

'সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন সহায়তা' নামে ১৯৯৬ সালে শুরু হওয়া প্রকল্পের আওতায় এ বৃত্তি প্রদান করা হয়।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা-দীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে আমাদের সব জনগোষ্ঠী যেন সমান সুযোগ পায়, কেউ যেন অবহেলিত না থাকে। কেউ যেন দূরে পড়ে না থাকে। সেইটাই হচ্ছে আমাদের লক্ষ। আর সেই লক্ষ নিয়ে আমরা বিশেষভাবে কিছু উদ্যোগ নিয়েছি। যার ফলে আজকে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার দেশ গড়ার। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, কারণ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা বিজয়ী জাতি। আমরা কারো কাছে মাথা নত নয়, আমরা বিশ্বে মাথা উঁচু করে চলবো এবং আমাদের বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রীপরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের আওতায় পাঁচ শ শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। প্রধানমন্ত্রী ২০ শিক্ষার্থীর হাতে বৃহস্পতিবার চেক তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত