ইরানি কুর্দি শরণার্থী বেহেরুজ বুচানি সাহিত্যে অস্ট্রেলিয়ার সব চেয়ে দামি পুরস্কার ‘ভিক্টোরিয়ান প্রাইজ’ জিতেছেন। প্যাসিফিকের শরণার্থীশিবিরে বসে কাগজে-কলমে না লিখে দিনের পর দিন হোয়াটসঅ্যাপের মেসেজ অপশনে লিখে আরেকজন দোভাষীকে পাঠাতেন তিনি।
বুচানি একজন সাংবাদিকও। তিনি পুরস্কার পেয়েছেন ‘নো ফ্রেন্ড বাট দ্য মাউন্টেইনস’ বইয়ের জন্য। তিনি বর্তমানে ম্যানুস প্রিজনে আটক আছেন। অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতি পাননি। পুরস্কার হিসেবে পাবেন ছয় লাখ টাকার বেশি।
২০১৭ সাল থেকে বিতর্কিত ওই বন্দী শিবিরে আটক বুচানি। শরণার্থী আশ্রয় দেয়ার ব্যাপারে অস্ট্রেলিয়া বরাবর কঠোর। নৌকায় করে পালিয়ে আসা শরণার্থীদের তারা কোনোভাবে আশ্রয় দেয় না।
বুচানি কয়েক বছর ধরে ফার্সি ভাষায় বইটি লিখেছেন। প্রতিদিন লেখাগুলো পাঠিয়ে দিতেন অনুবাদক ওমিড তোফিঘিয়ানকে।
বন্দিশালা থেকে বুচানি বিবিসিকে বলেন, ‘হোয়াটসঅ্যাপ আমার অফিসের মতো। পুলিশ প্রায়ই এখানে এসে হানা দেয়। সব ওলট-পালট করে। তাই আমি কাগজে না লিখে হোয়াটসঅ্যাপে লেখালেখি করেছি।’
বুচানি যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায়ও নিয়মিত লেখালেখি করেন। বিভিন্ন ইস্যুতে টুইটে নিজের মতামত জানান।
