প্রেমিকার সঙ্গে ঝগড়া করে নবাগত অভিনেতার আত্মহত্যা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১১:৫৪ পিএম

প্রেমিকার সঙ্গে ঝগড়া করে শেষ পর্যন্ত আত্মহত্যাই করে বসলেন ছোটপর্দার অভিনেতা রাহুল। প্রেমিকা প্রিয়ার সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়িয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ৩০ জানুয়ারি মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে টেলিভিশন অভিনেতা রাহুলের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

ভারতের জয়পুরে বড় হয়েছেন রাহুল দীক্ষিত। তারপর অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমান মুম্বাইয়ে। বছর কয়েক আগে মুম্বাইয়ে আসা রাহুল স্বপ্ন পূরণের পথে এগিয়েও যাচ্ছিলেন। সুযোগ পেয়েছিলেন বেশ কিছু টিভি নাটকেও। আর এই পথেই দেখা হয়ে যায় প্রিয়া নামের এক তরুণীর সঙ্গে। তারপর বন্ধুত্ব। এরপর প্রেম। জড়িয়ে পড়েন শারীরিক ও মানসিক সম্পর্কে।

রাহুলের প্রেমিকা প্রিয়া পুলিশকে জানিয়েছেন, বুধবার ভোর চারটার দিকে রাহুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর একই আবাসনে থাকা বাকি বন্ধুদের খবর দেন প্রিয়া। সবাই রাহুলকে দ্রুত  হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের তদন্তে বেরিয়ে আসে, রাহুল মদ্যপানে আসক্ত ছিল। বিষয়টা নিয়ে প্রেমিকার সঙ্গে প্রতিদিনই বাগ্‌বিতণ্ডা হতো। সেই অশান্তি চরমে পৌঁছালে রাহুল আত্মঘাতী হয় বলে ধারণা করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত