নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ পিটিয়ে গুলিভর্তি পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাত ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল আলম জানান, গত শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার ভূলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় ছিনতাইয়ের ঘটনার তদন্ত করতে গেলে ভূলতা ফাঁড়ির এসআই নাদিরুজ্জামানসহ চার পুলিশ সদস্যকে পিটিয়ে তার কাছ থেকে গুলিভর্তি পিস্তল ছিনিয়ে নেয় ছাত্রলীগের কর্মীরা। ভূলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালার নেতৃত্বে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার ৩ ঘণ্টা পর পুলিশ অভিযান চালিয়ে পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় এসআই নাদিরুজ্জামান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
শনিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়ে পুলিশ মামলার আসামি টেলাপাড়া এলাকার স্বপন, নাহিদ, মাঝিপাড়ার রাসেল, শামিম মিয়া, মর্তুজাবাদ এলাকার কামাল, পাঁচাইখা এলাকার মেহেদি ও ইসমাইলকে গ্রেপ্তার করেন। এরা সবাই হানজালার সহযোগি এবং স্থানীয় ছাত্রলীগকর্মী বলে জানা গেছে।
