মাদকাসক্ত স্বামী

স্ত্রীকে তুলে নিতে বাধা দেওয়ায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৭ পিএম

কুমিল্লা হাউজিং এস্টেট এলাকায় এজাজ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিবেশী স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে সোমবার রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এজাজ ওই এলাকার সেকান্দর আলীর ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, পার্শ্ববর্তী বাসার মুন্নি ও তার মাদকাসক্ত স্বামী দুলালের মাঝে পারিবারিক বিরোধের জেরে ঝগড়া হয়। একপর্যায়ে বাসা থেকে মুন্নিকে তার স্বামী ও স্বামীর বন্ধুরা জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বিরোধ থামাতে যান প্রতিবেশী এজাজ। পরে মুন্নির স্বামী দুলাল হোসেন, তার বন্ধু আকাশ ও পলাশসহ কয়েকজন বহিরাগত যুবক এজাজের উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে এজাজ মারা যান।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সালাউদ্দিন জানান, মুন্নির স্বামী দুলালের নামে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। আহত মুন্নি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

এজাজের মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পরিদর্শক সালাউদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত