ছোট ভাইকে স্কুলে দিতে গিয়ে দুর্ঘটনায় বড়ভাই নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৭ পিএম

পাবনার চাটমোহরে মোটরসাইকেলে ছোট ভাইকে স্কুলে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বড়ভাই হৃদয় খান (২৫)।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মূলগ্রাম রতনপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের রবিউল ইসলাম রবির ছেলে।

এ সময় গুরুতর আহত হয় হৃদয়ের ছোট ভাই রানা (৭)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ছোট ভাইকে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন হৃদয়।

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রতনপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খুঁটিতে ধাক্কা লেগে মাথায় ও বুকে গুরুতর আহত হয় দুই ভাই। পরে রক্তাক্ত আহতাবস্থায় দুই ভাইকে উদ্ধার করে চাটমোহর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

সেখানে হৃদয়ের অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেয়ার পথেই সে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত