ফেসবুক-গুগলের রাজস্ব ফাঁকির প্রতিবেদন না দেওয়ায় অসন্তোষ হাইকোর্টের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫ পিএম

গুগল, আমাজন, ফেসবুক, ইউটিউবসহ ইন্টারনেটভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকি তদন্ত করে যথাসময়ে প্রতিবেদন দাখিল না করায় এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড), বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসি’র (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) ওপর অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব জানান, আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন।

২০১৮ সালের ১৮ এপ্রিল সার্চ ইঞ্জিন গুগল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ইন্টারনেটভিত্তিক এই  কোম্পানিগুলোর কাছ থেকে প্রয়োজনীয় রাজস্ব আদায়ে কেন নির্দেশনা দেওয়া  হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আর হাইকোর্টেও নির্দেশনা প্রতিপালিত হয়েছে কি না সে বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে আদেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ দিনেও প্রতিবেদন দাখিল না করায় হাইকোর্টেও এই বেঞ্চ উষ্মা প্রকাশ করেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত