কারাবন্দিত্বের বর্ষপূর্তিতে খালেদার সাক্ষাৎ পেলেন না স্বজনরা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৯ পিএম

কারাবন্দিত্বের একবছর পূর্ণ হওয়ার দিন স্বজনরা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন না। শুক্রবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার।

সাক্ষাতের অনুমতি চেয়ে খালেদার স্বজনরা গত ৪ ফেব্রুয়ারি কারা মহা পরিদর্শকের কাছে আবেদন করা হয়। কিন্তু কারা কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় আজ স্বজনরা সাক্ষাৎ করতে পারেননি।

এবিএম আব্দুস সাত্তার বলেন, কারাগারে বেগম জিয়া ভালো নেই। তার হাত ও পা ফুলে গেছে। নিয়মিত থেরাপি না দেওয়ায় এমনটা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত স্টাফরা দেশ রূপান্তরকে বলেন, ৮ফেব্রুয়ারী ২০১৮ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হওয়ার পর একইদিন তাকে পুরান ঢাকার কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারা বিধি অনুযায়ী প্রতি সপ্তাহে একবার স্বজনদের সঙ্গে সাক্ষাতের বিধান থাকলেও তা অনুসরণ করেনি কারা কর্তৃপক্ষ। তারা তাদের ইচ্ছে মতোন সাক্ষাতের অনুমতি দেন।

তারা বলেন, বেগম জিয়াকে কারাগারে নেওয়ার পর কারাবিধি অনুযায়ী স্বজনরা সাক্ষাৎ পাননি। প্রথমদিকে সপ্তাহে একদিন সাক্ষাতের অনুমতি দিলেও পরে  ১৫দিন পর পর সাক্ষাতের অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। তারপর আরও ব্যবধান বাড়াতে থাকে। নির্বাচনের আগে টানা ৩১দিন স্বজনরা সাক্ষাৎ করতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত