নিউজিল্যান্ডের একটি গ্রাম ভয়াবহ দাবানলের হুমকির মুখে পড়েছে। শনিবার সেখানকার তিন হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দমকল বাহিনীর কর্মীরা জানান, এমন ভয়াবহ পরিস্থিতিতে গ্রাম রক্ষার বিষয়টি তারা ‘সৃষ্টিকর্তার হাতে’ ছেড়ে দিয়েছেন।
এএফপি’র খবরে বলা হয়, দাবানল ছড়িয়ে পড়ার কারণে ওয়েকফিল্ড শহরজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলটি ভয়ংকর রূপ ধারণ করে গ্রামাঞ্চল নেলসনের দিকে ধেয়ে আসছে।
মঙ্গলবার গ্রামাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে প্রায় ২ হাজার ১শ’ হেক্টর বনভূমি পুড়ে গেছে।
আঞ্চলিক পুলিশ কমান্ডার জানি হোপার জানান, নির্দেশনা অনুযায়ী তারা সফলভাবে ওয়েকফিল্ড থেকে সকল লোকজনকে সরিয়ে নিয়েছে।
দমকল বাহিনীর প্রধান জন সুটন জানান, রোববার দাবানলটি ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
