কবি আল মাহমুদ রাজধানীর ইবনে সিনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
কবির ছেলে মীর মোহাম্মদ আনিস রোববার সকালে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “কবির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বার্ধক্যজনিত কারণে কিডনি, লিভারে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে।”
গত শুক্রবার আল মাহমুদকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখেন।
আল মাহমুদের ছেলে আনিস বলেন, “শনিবার রাত ৯টা পর্যন্ত ভালো ছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু ৯টার পর থেকে শারীরিক অবস্থা অবনতির দিক যায়। এরপর চিকিৎসকেরা তাকে আইসিইউ-তে স্থানান্তর করেন। রোববার সকাল পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি।”
ডা. আবদুল হাইয়ের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন আল মাহমুদ। এর আগেও কবি এই চিকিৎসকের কাছেই নিয়মিত চিকিৎসা সম্পর্কিত পরামর্শ নিয়েছেন বলে জানান আনিস।
কবি আল মাহমুদের জন্য দেশের মানুষের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন ছেলে আনিস।
