যুবককে গাছের সঙ্গে শেকলে বেঁধে নির্যাতন, আটক ৩

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৬ পিএম

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবা ও সৎ ভাইয়েরা মিলে লোহার শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে শাহীন (৩৩) নামের এক যুবককে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে। এ ঘটনায় তার বাবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আহত শাহীন কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর গ্রামের পূর্বপাড়ার সেলিম মিয়ার ১ম স্ত্রীর ছেলে। গত বুধবার রাতে ওই গ্রামে বাবা সেলিম ও সৎ ভাই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এ মধ্যযুগীয় হামলার ঘটনা ঘটায়।

শনিবার দাউদকান্দি মডেল থানায় সৎ ভাই ও বাবাসহ ৯ জনের নামে লিখিত অভিযোগ করেন আহত শাহীন এর মামা মনসুর আলী। অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ বাবা সেলিম মিয়া (৬০), সৎ ভাই সাইফুল ও তার স্ত্রী শিরিনা আক্তারকে আটক করে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বসতবাড়ি ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সেলিম ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে গত বুধবার প্রথম স্ত্রীর ছেলে শাহীনকে গাছের সঙ্গে শেকল দিয়ে বেঁধে, কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) হাসপাতালে ভর্তি করে।

দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর শনিবার রাতেই শাহীনের বাবা, সৎ ভাই ও ভাবিসহ ৩ জনকে আটক করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত