বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মেয়রসহ তিন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য কোন বিরোধী প্রার্থী না থাকায় তাদের জয়ের বিষয়টি নিশ্চিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তা ও আমতলী পৌরসভা রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার।
রিটার্নিং কর্মকর্তা বলেন, গতকাল রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে মেয়রপ্রার্থী এ কে এম জিল্লুর রহমান রুবেল মোকতার, মোশারফ হোসেন ও চাঁন মিয়া সরে গেলে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. মতিয়ার রহমান বিজয়ী হন। এছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ১নং ওয়ার্ডে হাবিবুর রহমান মীর, ৩নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম জুয়েল এবং ৯নং ওয়ার্ডে জি এম মুছা কাউন্সিলর নির্বাচিত হন।
বেসরকারিভাবে নির্বাচিত মেয়র মতিয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাব। সেই সঙ্গে যাদের ভালোবাসায় আমি পুনরায় মেয়র নির্বাচিত হয়েছি তাদের ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব।’
আগামী ২৮ ফেব্রুয়ারি মেয়র পদ ছাড়া ছয়টি সাধারণ কাউন্সলর পদে মোট ২৮ জন ও সংরক্ষিত নারী আসনে ১২ জন লড়বেন।
