ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা আবদুল্লাহ-আল বাকী ওরফে আরজু বিশ্বাসকে (৪৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় ঈশ্বরদী থানার সম্মেলন কক্ষে পাবনা পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তার আরজুর স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার জানান।
আরজু পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের ভাতিজা ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের অন্যতম নির্বাহী সদস্য।
পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা সেলিম হত্যার পরপরই পুলিশ বিভিন্ন ভাবে তদন্ত করে নিশ্চিত হয়ে পাবনার হেমায়েতপুর এলাকা থেকে আরজুকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মুক্তিযোদ্ধা সেলিমকে হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী আরজুকে সঙ্গে নিয়ে রোববার রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ইউএসএ’র তৈরি ৭.৭৬ পিস্তল, ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, আসামি আরজুকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। খুব কম সময়ের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ওসি।
যুবলীগ নেতা আরজুর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় হত্যা মামলাসহ আরও দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বুধবার রাত ৯ টার দিকে পাকশীর রূপপুর বিবিসি বাজার সংলগ্ন নিজ বাড়িতে ঢোকার সময় অন্ধকারে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে। শরীরে একাধিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০.২০ মিনিটের সময় শহরের পোস্ট অফিস মোড় অতিক্রম করার সময় তার মৃত্যু হয়।
