আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসকে ব্ল্যাকমেইলের খবর অস্বীকার করেছে সৌদি আরব। সম্প্রতি এই ব্ল্যাকমেইলের অভিযোগ তোলেন জেফ বেজোস। এক ব্লগপোস্টে তিনি বলেন, এক বান্ধবীর সঙ্গে তোলা গোপন কিছু ছবি নিয়ে তাকে বিপাকে ফেলার চেষ্টা করছে ন্যাশনাল এনকোয়ারার। পত্রিকাটির প্যারেন্ট কোম্পানি আমেরিকান মিডিয়া ইনকরপোরেশনের (এএমআই) সঙ্গে সম্পর্ক রয়েছে সৌদির। তবে সিবিএস টেলিভিশনের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বেজোসের ‘অন্তরঙ্গ ছবি’ প্রকাশে ‘ন্যাশনাল এনকোয়ারার’-এর সঙ্গে সৌদি সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে অভিযোগ অস্বীকার করে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, এ ঘটনায় তার দেশের কিছু করার নেই। সৌদি সরকারের সঙ্গে এএমআই কিংবা এর মালিক ডেভিড পেকারের কোনো সম্পর্কের কথা তার জানা নেই। এই ঘটনা সংশ্লিষ্ট দুই পক্ষের বিষয়। এতে রিয়াদের কিছু করার নেই।
×
