গোদাগাড়ীতে এক মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার দ্বিগ্রাম এলাকা থেকে মতিউর রহমান মতি (৪০) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মতি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর এলাকার সৈয়দ আলীর ছেলে।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেন, ‘সকালে রাস্তার পাশে মতির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
মরদেহের বুকে ও কপালে গুলির চিহ্ন ছিল জানিয়ে ওসি জাহাঙ্গীর আরও বলেন, ‘প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মতি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ছাড়া তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দ্রুত বিচার আইনের একটি মামলা রয়েছে।’
