মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাওশি) কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রায় হাজার কর্মচারীর নিয়োগ আটকে আছে বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মাউশির অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে প্রতীকী অনশনে নিয়োগপ্রার্থীরা এ অভিযোগ করেন। মানববন্ধনে মাউশির এমএলএসএস পদে নিয়োগপ্রার্থী রনি আমিন বলেন, ‘মাউশির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ১ হাজার ৯৬৫টি পদের মধ্যে ৯৬৫টি এমএলএসএস পদের নিয়োগ হয়নি। কিন্তু অন্যগুলোর নিয়োগ হয়েছে। মামলার শুনানির সময় কোর্টে দেখা যায়, বেশিরভাগ সময় মাউশির কোনো প্রতিনিধি উপস্থিত থাকে না। এর জন্য দিনের পর দিন শুনানির ডেট পরিবর্তন হচ্ছে। এভাবে নয় বছর পার হয়ে গেল।’ মাউশির বুক মাস্টার পদে নিয়োগপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘যেসব পদের নিয়োগের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, বুক মাস্টার পদটি তার অন্তর্ভুক্ত নয়। কিন্তু তা সত্ত্বেও বুক মাস্টার পদে আমাকে নিয়োগ দেওয়া হয়নি।’
×
