বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী শূন্যরেখা থেকে মিয়ানমারে ফিরে গেছেন সে দেশের ১৩২ বৌদ্ধ নাগরিক।
বৃহস্পতিবার সকালে তাঁরা নিজের দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রুমা সীমান্তে মিয়ানমারের আর কোনো নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় নেই বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বিজিবি’র বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল জহিরুল ইসলাম জানান, বাংলাদেশের সীমান্তে অপেক্ষমাণ এসব বৌদ্ধ নাগরিক নিজেদের দেশে চলে গেছেন। সীমান্ত দিয়ে কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। এ জন্য বিজিবি সর্বাত্মক সতর্কাবস্থায় রয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমারের চিন রাজ্যের প্লাটোয়া ও ক্যান্টালিন অঞ্চলের ১৬০ জন বৌদ্ধ নাগরিক বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের শূন্যরেখার কাছে অবস্থান নেন। যারা সে দেশের রাখাইন, খুমি ও খ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য। মিয়ানমারের ‘বিচ্ছিন্নতাবাদী’ সংগঠন ‘আরাকান আর্মি’র সঙ্গে সেই দেশের সেনাবাহিনীর সংঘর্ষের জেরে আতঙ্কিত হয়ে এসব নাগরিক বাংলাদেশে আশ্রয় নেবার চেষ্টা করেন।
এর পরপরই সরকারের উচ্চ মহল থেকে সীমান্ত সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তাঁরা আর বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারেননি। বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে খাদ্য ও অন্যান্য সাহায্য নিয়ে শূন্যরেখার কাছেই খোলা জায়গায় তাদের দিন কাটছিল । এর প্রায় এক সপ্তাহ পর ১০ ফেব্রুয়ারি প্রথম দফায় ২৮ জন নিজের দেশে ফিরে যান। ১৪ ফেব্রুয়ারি অবশিষ্ট ১৩২ জনও ফিরে গেলেন।
