কাশ্মীরে ভয়াবহ বিচ্ছিন্নতাবাদী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪২ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের গোরিপোড়া এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ। এই ঘটনায় এখন পর্যন্ত ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৪০ জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলার পরপর কাশ্মীরভিত্তিক জইশ-ই-মুহাম্মদ দায় স্বীকার করে। আদিল মোহাম্মদ নামের একজনকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছে পুলিশ। ২০১৮ সালে তিনি জইশ-ই-মুহাম্মদে যোগ দেন।

এনডিটিভি জানিয়েছ, ২০১৬ সেপ্টেম্বরে উরি হামলার পর থেকে এটাই সবচেয়ে বড় হামলা। সেবার আগ্নেয়াস্ত্র নিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। তখন নিহত হন ১৭ জন।

এদিন গোরিপোড়ায় জম্মু কাশ্মীর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর টহল। সেই সময় বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুড়ে যায়। টহলে মোট ৭০টি গাড়ি ছিল। ২৫০০’র মতো সৈনিক ছিলেন গাড়িগুলোতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত