নিউজিল্যান্ডে কষ্ট হচ্ছে টাইগার ব্যাটসম্যানদের

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৩ পিএম

অতীতে নিউজিল্যান্ডের মাটিতে বরাবরই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। বিশেষ করে কিউই ফাস্ট বোলারদের গতির সামনে খাবি খেয়েছে ব্যাটসম্যানরা। এবারও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে সেই একই চিত্র ফুটে উঠেছে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন শিকার করে নিলেন, রান করতে কষ্ট হচ্ছে তাদের।

নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হারে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে কিউই পেসারদের গতির মুখে ৪২ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। বিপর্যয়ের মুখে দারুণ লড়াই করেন মিঠুন। খেলেন ৯০ বলে ৬২ রানের ইনিংস।

মেহেদী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ৩৭ রানের জুটি হয়েছিল মিঠুনের। মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে অষ্টম উইকেটে যোগ করেন ৮৪ রান। যা অষ্টম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

মিরাজ ২৬ ও সাইফউদ্দিন ৪১ রান করেন। দারুণ ইনিংস খেলে মিঠুন ফেরেন কিউই বোলারদের নবম শিকার হয়ে। কিউই বোলারদের খেলতে যে বেগ পেতে হচ্ছিল, সে কথাই অকপটেই বলেছেন মিঠুন, ‘‘ব্যাটিং যতক্ষণ করেছি কখনই সহজ মনে হয়নি। এমন বোলিং আক্রমণের বিপক্ষে যদি বলি যে সহজে খেলেছি তাহলে মিথ্যে বলা হবে। এখানে রান করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে।’’

সাধারণত ঘরের মাঠে বেশি গতির বোলারদের বিপক্ষে খেলতে অভ্যস্ত নয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। মিঠুন উল্লেখ করলেন সেটিও, ‘‘আমরা তো এমন গতিতে খেলে অভ্যস্ত না। ওদের প্রায় সব বোলার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিক বোলিং করে। আমরা বাংলাদেশের কন্ডিশনে নিয়মিত ১৩০ কিলোমিটারের গতির বল খেলে থাকি। ওখান থেকে ১৪০-১৫০ কিলোমিটার গতির বল খেলতে গেলে সমস্যায় পড়া স্বাভাবিক।’’

তবে বিরুদ্ধ কন্ডিশন আর নানা প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। মিঠুন বলেন, ‘‘যেখানেই খেলি সেই কন্ডিশনে খেলে মানিয়ে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারলে ভালো ফল আসার সম্ভাবনা খুবই কম। যেখানেই খেলি সেখানে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং ভালো খেলা।’’

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শনিবার। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত