ডাকসু: ভোটকেন্দ্র বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গণভোটের পরামর্শ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলে নাকি একাডেমিক ভবনে করা হবে সে বিষয়ে সিদ্ধান্তের জন্য গণভোটের বিষয়ে পরামর্শ দিয়েছেন ঢাবি শিক্ষার্থী অধিকার মঞ্চ।

শুক্রবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন মঞ্চের অন্যতম মুখপাত্র মওদুদ মিষ্টি।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ভোটকেন্দ্র হলেই থাকবে বলে সিদ্ধান্ত দেয়। যদিও ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া অন্য ১৩ টি ছাত্র সংগঠন ভোটকেন্দ্র হলে না দিয়ে বিভিন্ন একাডেমিক ভবনে দেওয়ার দাবি করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মওদুদ মিষ্টি বলেন, ভোট নিয়ে যেন শঙ্কার শেষ নেই। আদতে ভোট হবে তো? শিক্ষার্থীরা নিজের ভোট নিজে দিতে পারবে তো? এটা যদি না হয় তবে শিক্ষার্থীদের উচ্ছলতা হতাশায় নিমজ্জিত হবে। আমাদের দাবি হলো ভোটকেন্দ্র হলে নাকি একাডেমিক ভবনে করা হবে সে বিষয়ে সিদ্ধান্তের জন্য গণভোটের আয়োজন করা হোক। শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিক ভোট কেন্দ্র কোথায় হবে।

ডাকসুর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে নিজ হাতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষমতাসীন ছাত্রসংগঠনের খপ্পরে ঠেলে দিচ্ছে। বলা হচ্ছে — ডাকসু শিক্ষার্থীদের সংগঠন। অথচ এর চূড়ান্ত ক্ষমতা উপাচার্যের হাতে। ডাকসুর গঠনতন্ত্র উপাচার্যের বিধিনিষেধে ভরপুর। এটি মুক্তচিন্তা ও জ্ঞানচর্চার প্রতিবন্ধক।'

সংবাদ সম্মেলনে উপস্থিত আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘ডাকসু নিয়ে হাইকোর্টের রায়ে পুলিশের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবে। তাই কোনো অজুহাত দেখিয়ে যেন না বলা হয় যে ডাকসু নির্বাচনের পরিবেশ নেই।'

প্রায় সাত বছর আগে তৎকালীন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মঞ্চ গঠন করে। এরপর থেকে ২০১২ সালে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে স্মারকলিপি, মানববন্ধন, গণস্বাক্ষর, সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সংগঠনটির নেতাকর্মীরা। সর্বশেষ ২০১২ সালের মার্চে মঞ্চের ২৫ জন সদস্য আদালতে রিট করে। সেই প্রেক্ষিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ ২৮ বছর ধরে অচল থাকা ডাকসু নির্বাচন। এই আন্দোলনকারীরা এখন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এদের মধ্যে নূর বাহাদুর, মওদুদ মিষ্টি, নুরে আলম দুর্জয়, অ্যাডভোকেট মনজিল মোর্শেদসহ প্রায় ২০ থেকে ২৫জন শিক্ষার্থী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ১১ই মার্চ ডাকসু নির্বাচন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত