কবি আল মাহমুদের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার বেলা ১১টার দিকে এক নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
রিজভী বলেন, আধুনিক বাংলা সাহিত্যের প্রধান কবি ও আমাদের চেতনার অক্ষয় দ্যুতি আল মাহমুদের ইন্তেকালে গোটা দেশবাসীর সঙ্গে আমরাও গভীরভাবে শোকাহত। কিংবদন্তিতুল্য কবির প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
তিনি বলেন,'কবি আল মাহমুদের মরদেহ শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করতে হবে। আর যদি তার মরদেহ শহীদ মিনারে আনতে দেওয়া না হয়, তাহলে এটিই প্রমাণিত হবে এই সরকারের কাছে ভিন্নমতাবলম্বী আদর্শের মানুষের কোন মূল্য নেই, তিনি প্রখ্যাত মুক্তিযোদ্ধা হলেও। আরও প্রমাণিত হবে শহীদ মিনারও দলীয়করণ হয়ে গেছে’।
