নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ খোয়া গেছে এক ম্যাচ হাতে থাকতেই। ২০ ফেব্রুয়ারি ডানেডিনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই টাইগারদের। কিন্তু সে ম্যাচের আগে বড় দু:সংবাদ বাংলাদেশের দর্শকদের জন্য। ইনজুরির শিকার মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিমের খেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছে শেষ ওয়ানডেতে।
ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে প্রথম দুই ওয়ানডেতেই সফল ছিলেন মিঠুন। নেপিয়ারে ৬২ রানের পর ক্রাইস্টচার্চে ৫৭ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। কিন্তু শনিবার নিউজিল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার পথে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিঠুন। পরে আর ফিল্ডিংয়ে নামেননি ২৭ বছর বয়সী। অন্যদিকে পুরোনো পাঁজরের ব্যথা এদিন আবারো ভুগিয়েছে মুশফিককে।
বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিঠুন ও মুশফিক দুজনকেই ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর জানা যাবে তারা আদৌ তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কি পারবেন না।
এদিন দ্রুত একটি সিঙ্গেল নিতে গিয়ে চোট পান মিঠুন। পাইলট জানান, ‘‘মিঠুন দ্রুত একটি সিঙ্গেল নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোট পায়। এরপর সে আর ফিল্ডিংয়ে নামেনি আজ। ফিজিওর পরামর্শ অনুযায়ী সে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। আমরা আশা করছি ও বিশ্রামের পর সেরে উঠবে। তবে তার পরের ম্যাচ খেলা নির্ভর করছে কতটা সেরে উঠে সেটির ওপর।’’
মুশফিকুর রহিমকে নিয়ে পাইলট বলেন, ‘‘মুশফিক আজ তার পুরোনো পাঁজরের চোট অনুভব করেছে। কিন্তু সেটা নিয়েই উইকেটকিপিং করেছে। আমরা তাকেও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ রেখেছি। এক থেকে দুই দিন পর আমরা পরবর্তী আপডেট দিতে পারব।’’
পাঁজরের চোট এশিয়া কাপেও বেশ ভুগিয়েছে মুশফিককে। যে চোট নিয়ে খেলেও শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দিয়েছিলেন মুশফিক।
