হবু শ্যালককে হত্যাচেষ্টা পিইউবিজি আসক্ত যুবকের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৫ পিএম

অনলাইনে গেম খেলতে খেলতে মোবাইলের চার্জ শেষ। এরপর চার্জার খুঁজে না পেয়ে হবু শ্যালককে ছুরি নিয়ে আক্রমণ। ভারতের মহারাষ্ট্রের থানে জেলার আক্রমণকারী ওই যুবক এখন ফেঁসে যাচ্ছেন। বিয়ে ভাঙার পাশাপাশি শ্রীঘরে যাওয়ার শঙ্কায় দিন গুনছেন তিনি।

ঘটনাটি ৭ ফেব্রুয়ারির। কিন্তু হত্যাচেষ্টার মামলা হয়েছে শনিবার। তদন্ত চলায় পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রাজনিস রাজবার প্লেয়ার আননোন’স ব্যাটেলগ্রাউন্ডস গেমে (পিইউবিজি) আসক্ত। এটি দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম কোম্পানি ব্লু হোয়েলের একটি অঙ্গপ্রতিষ্ঠান। গেমটি খেলতে খেলতে ফোনের চার্জ শেষ করে ফেলেন রাজনিস। তখন চার্জার খুঁজে না পেয়ে হবু শ্যালককে দোষারোপ করতে থাকেন। শুরু হয় ঝগড়া। একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করেন।

পিউবিজি নিয়ে এমন কাণ্ড এই প্রথম নয়। তরুণদের মধ্যে দিনে দিনে এটি নিয়ে আগ্রহ বাড়ছে। ভারতে কয়েক দিন আগে এই গেম খেলার নেশায় নিজের গর্ভবতী স্ত্রীকে ত্যাগ করেন এক ব্যক্তি।

দেশটির কয়েকটি প্রদেশে গেমটি বন্ধ করা হয়েছে। প্রথম পদক্ষেপ আসে জম্মু-কাশ্মীর থেকে। সেখানকার একটি ছাত্রসংগঠন রাজ্য গভর্নরের কাছে গেমটি নিষিদ্ধ করার আবেদন জানায়। চেন্নাইয়ের একটি কলেজ কর্তৃপক্ষও গেমটিকে ‘ধ্বংসাত্মক’ হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, ওই গেম খেলার কারণে পুরো হোস্টেলের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত