জাতিসংঘে মার্কিন প্রতিনিধি হতে রাজি নন ট্রাম্পের পছন্দের নোয়ার্ট

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১২ পিএম

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রার্থী ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্ট। কিন্তু গুরুত্বপূর্ণ এ পদের জন্য নিজের নাম প্রত্যাহার করে নিলেন নোয়ার্ট।

বিবিসি জানায়, শনিবার এক বিবৃতিতে নিজের সিদ্ধান্তের কথা জানান ফক্স নিউজের একসময়কার এ উপস্থাপিকা।

নোয়ার্ট জানান, পরিবারের ইচ্ছায় তিনি জাতিসংঘের মার্কিন প্রতিনিধি পদের জন্য নিজের নাম প্রত্যাহার  করে নিয়েছেন।

গত বছর অক্টোবরের শুরুতে আকস্মিক পদত্যাগ করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

এক সময় সাউথ ক্যারোলাইনার গভর্নর দায়িত্ব পালন করা এই নারীকে প্রশাসনের অন্যতম শীর্ষ পদে বসান ট্রাম্প। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন হ্যালি।

পরবর্তীতে ডিসেম্বরে এ পদের জন্য নোয়ার্টের নাম ঘোষণা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তিনি (নোয়ার্ট) বেশ মেধাবী, বুদ্ধিমান এবং কর্মকাণ্ডে খুব দ্রুতগামী। আমি মনে করি তিনি সবার কাছ থেকে গ্রহণযোগ্যতা আদায়ে সক্ষম হবেন।”

তবে ট্রাম্পের এ ঘোষণায় সমালোচনা করেন মার্কিন নীতিনির্ধারকরা। তাদের মতে, অনেকটা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে গুরুত্বপূর্ণ এ পদে তাকে বসানো হচ্ছে।

কারণ সরকারের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতি সম্পর্কে তার অভিজ্ঞতা সামান্যই। এর আগে শুধু তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবেই কাজ করেছেন।

গত ২০১৭ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পান ৪৮ বছর বয়সী নোয়ার্ট। প্রথমবারের মতো তিনি কোনো সরকারি দায়িত্ব পেয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত