নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছিলেন জাপান প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে যুক্তরাষ্ট্রের অনুরোধেই শিনজো ট্রাম্পকে মনোনীত করেন বলে জানা যায়।
রবিবার জাপানের সংবাদ পত্রিকা আসাহি এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে বলে জানায় রয়টার্স। এর আগে শুক্রবার ট্রাম্পের এক বক্তব্যেও বিষয়টি উঠে আসে।
ট্রাম্প দাবি করেন, উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা নিরসন এবং আলোচনার পরিবেশ সৃষ্টির জন্য গত বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে মনোনীত করেছিলেন আবে।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “পাঁচ পৃষ্ঠার মনোনয়ন পত্রের গুরুত্বপূর্ণ অংশের কপিটি তার কাছে পাঠিয়েছিলেন জাপান নেতা।”
জাপান সরকারের এক সূত্রে আসাহি জানায়, গত বছরের জুনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পরেই নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নিজেই তালে মনোনীত করার জন্য আবেকে অনুরোধ জানিয়েছিলেন।
তবে এ ব্যাপারে রয়টার্স যোগাযোগ করলে হোয়াইট হাউসে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চায়নি।
তবে নোবেল ফাউন্ডেশনের ওয়েবসাইটে জানাচ্ছে, নোবেল শান্তি পুরস্কারের জন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানও চাইলে কাউকে মনোনয়ন দিতে পারবেন। তবে মনোনীত ব্যক্তি এবং তার সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পঞ্চাশ বছরের আগে প্রকাশ করবে না ফাউন্ডেশন।
