আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে শিবিরকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার অভিযোগ তুলে ছাত্রদলকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ, ঢাবি শাখা। পাশাপাশি, হল সংসদে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদ সংযোজনসহ চার দফা দাবিতে মঙ্গলবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
রবিবার দুপুরে ঢাবির মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলন করে পরিষদের নেতারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন। এ সময় সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো শক্তিকে কখনোই ডাকসু নির্বাচনে আসতে দেওয়া হবে না। ডাকসু নির্বাচনে কোনো ছাত্র সংগঠন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাউকে নিয়ে জোটবদ্ধভাবে প্যানেল দিলে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরাও আলাদাভাবে প্যানেল দেবে।
ছাত্রদল ও ছাত্রশিবির এখন মুদ্রার এপিঠ-ওপিঠ উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ছাত্রশিবিরকে সঙ্গে নিয়ে সহাবস্থানের নামে মধুর ক্যানটিনে প্রবেশ করেছিল ছাত্রদল।
এ সময় পরিষদের নেতারা উপাচার্যকে ডাকসু নির্বাচনের আগে তাদের চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তাদের দাবিগুলো হচ্ছে- ডাকসু নির্বাচনে প্রতিটি হল সংসদে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ সংযোজন করতে হবে; ছাত্রশিবিরকে নিয়ে সম্প্রতি মধুর ক্যানটিনে প্রবেশ করার অপরাধে ছাত্রদলকে ডাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে; ফেসবুকের ‘কোটা সংস্কার চাই’ পেজের অ্যাডমিন, মডারেটর এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কটূক্তিকারীদের ছাত্রত্ব বাতিল করে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে; ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারী, গুজব সৃষ্টিকারী ও উসকানি দাতাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
