কাশ্মীর হামলায় নিহতের কফিনের সামনে সেলফি তুলে বিতর্কিত মন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৭ পিএম

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত আধা সামরিক বাহিনীর সিআরপিএফ সদস্যের কফিনের সামনে সেলফি তুলে বিতর্কের জন্ম দিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী আলফনস কান্ননথানম।

এনডিটিভি জানায়, শনিবার কফিনের সামনে তোলা মন্ত্রীর সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে বিতর্কের ঝড় উঠে। কেন্দ্রীয় মন্ত্রীর এমন কর্মকাণ্ডে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে।

অনেকেই মন্তব্য করেন, একজন কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণ আশাই করা যায় না। কেউ বলেন, মন্ত্রী শোকের স্থানে গিয়ে আত্মপ্রচারে ব্যস্ত হয়ে পড়েছিলেন।

জানা যায়, কেরালার ওয়ায়নাড় জেলার বাসিন্দা নিহত সিআরপিএফ সদস্য বসন্ত কুমার ভিভি'র কফিনের সামনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ যখন তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যস্ত, সেই সময়ই সেলফিটি তোলেন মন্ত্রী।

সেলফির সঙ্গে ক্যাপশনে মন্ত্রী আলফনস লেখেন, “সিআরপিএফ জওয়ান বসন্ত কুমারের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে তার বাড়িতেই। তার মতো মানুষদের জন্যই আমি এবং আমরা শান্তিতে বেঁচে থাকতে পারি। দেশ তাকে ভুলবে না।”

তবে নিহত সিআরপিএফ সদস্যকে নিয়ে এমন আবেগঘন কথায় মন ভেজেনি নেটিজেনদের। সেলফি তোলার জন্য উল্টো চরমভাবে সমালোচিত হয়েছেন তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ গাড়িবহরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য নিহত হন। আহত হন আরও ডজনখানেক। এ ঘটনায় গোটা ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপর কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনের সদস্য আদিল আহমাদ দার নামে এক তরুণ গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে এ হামলা চালান।

এ দিকে এ হামলার মূলহোতাদের খোঁজে এক অভিযানে স্বাধীনতাকামীদের সঙ্গে রাতভর বন্দুকযুদ্ধে এক মেজরসহ পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর যৌথ অভিযান চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত