ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে আধুনিক, যুগোপযোগী, মানসম্মত, ডিজিটাল কেন্দ্রীয় লাইব্রেরি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধনে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার কয়েকশ নেতা-কর্মী।
মানববন্ধনে নানা স্লোগান সংবলিত ব্যানার দেখা গেছে। এতে লেখা ছিল- লাইব্রেরিকে ডিজিটাল অটোমেশন করুন, দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করতে হবে, ডিজিটাল বাংলাদেশ আমাদের ঠিকানা, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য স্বয়ংসম্পূর্ণ লাইব্রেরি চাই, ডিপার্টমেন্ট বাড়ে শিক্ষার্থী বাড়ে বাড়ে না শুধু লাইব্রেরির জায়গা, লাইব্রেরি হোক গবেষণার কেন্দ্র ইত্যাদি।
মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. রেজাওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়। অথচ আমাদের পড়ার জন্য সকাল বেলা ঘুম থেকে উঠে লাইব্রেরিতে পড়ার জন্য লাইন ধরতে হয়। তাই প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর জন্য কেন্দ্রীয় লাইব্রেরি, হলের রিডিং রুমের সিট বৃদ্ধি করার আহ্বান করছি।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, লাইব্রেরিতে শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে বসার জায়গা নিশ্চিত করার জন্য। আমরা এতে বিব্রত হই। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছি কবে নাগাদ উন্নত, আধুনিক, ডিজিটাল লাইব্রেরি করা হবে।
বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, আমরা জানি যেকোনো উন্নত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ছাত্রসংখ্যার ২০ ভাগ অনুপাতে আসন থাকা উচিত। কিন্তু দুঃখের বিষয় হল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৩ হাজার ছাত্রের বিপরীতে লাইব্রেরিতে আসনসংখ্যা মাত্র ৬৬০ টি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই অতিসত্বর প্রয়োজনীয় আসনসংখ্যা নিশ্চিত করে লাইব্রেরিকে আধুনিকায়ন করকে হবে।
এ সময় ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও বিভিন্ন হলের ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
