আসন্ন ১১ ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাসদ ছাত্রলীগ (আম্বিয়া)।
সোমবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জাসদ ছাত্রলীগের (আম্বিয়া) কেন্দ্রীয় সংসদের সভাপতি শাহজাহান আলী সাজু।
ছাত্র সংগ্রাম পরিষদের ৬ টি দলের মধ্যে অন্যতম জাসদ ছাত্রলীগের (আম্বিয়া) সভাপতি জোটগত নির্বাচনের বিষয়ে বলেন, পরিষদের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলো আলাপ-আলোচনা করে যদি জোটগত নির্বাচন করতে চায় তাহলে আমরা জোটভুক্ত নির্বাচন করতে প্রস্তুত আছি। এছাড়া, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল প্রগতিশীল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গেও আমাদের নির্বাচনী জোট করার মানসিকতা রয়েছে।
জাসদ ছাত্রলীগ খসড়া তালিকায় প্রার্থী করেছে ২৫ জনকে। তারা হলেন- মাহফুজুর রহমান রাহাত (ভিপি), শাহরিয়ার রহমান বিজয় (জিএস), নাঈম হাসান (এজিএস), শিরিন আক্তার (স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), তন্ময় কুমার কুন্ড (বিজ্ঞান বিষয়ক সম্পাদক), ফজলে এলাহী জিসান (কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক), ইয়াসিন আরাফাত রাহী (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), আদনান হোসেন অনিক (সাহিত্য সম্পাদক), সাইফুল ইসলাম রোমান (সংস্কৃতি বিষয়ক সম্পাদক), মাহবুবুর রহমান হাবিব (ক্রিড়া বিষয়ক সম্পাদক), এহসানুল হক হিমেল (ছাত্র পরিবহন সম্পাদক), আল আমিন শিকদার (সমাজসেবা বিষয়ক সম্পাদক)। এছাড়াও সদস্য পদে রয়েছেন-সাদিকুর রহমান সাগর, মশিউর রহমান জারিফ, সংগ্রামী মোহন উচ্ছ্বাস, আশরাফুল আলম ফাহিম, মো. নাবিদ নেওয়াজ, মাশফিক আরেফিন, রিফাত বিন মুত্তাসিম আহমেদ, তৌফিক আহমেদ, শাকিব ওয়ালিদ তৌহিদ, রাহাত আরা রুমি, মেহেদি হাসান, এস এম সামিউল বাশার সিদ্দিকী পার্থ এবং আরাফাত আহমেদ নাইম।
