দাবি বাস্তবায়ন না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম নেবে না বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে, মঙ্গলবার থেকে নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে। মনোনয়ন পত্র সংগ্রহ করার শেষ সময় ২৫ ফেব্রুয়ারি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে উপস্থিত হয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ১১ মার্চ।
ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত, ভোটকেন্দ্র হলের বাইরে রাখাসহ কয়েকটি দাবি জানিয়ে আসছে ছাত্রদল ৷ এ ছাড়া প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়সসীমা বাতিলের দাবিও জানিয়েছে তারা। এই দাবিগুলো বাস্তবায়ন করা না হলে মনোনয়নপত্র নেবে না বলে জানিয়েছে ছাত্রদল।
আকরামুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল থেকে যে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, সেটাতে আমরা অংশগ্রহণ করব না আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত’।
দাবি মেনে নিলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আমাদের বিতর্ক অব্যাহত থাকবে। আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চাই। আমাদের দাবি না মেনে নিলে বিশ্ববিদ্যালয়ের অগণতান্ত্রিক সিদ্ধান্তে আমরা তখন কষ্ট পাব। কিন্তু ডাকসু নির্বাচনের বিষয়ে শেষ পর্যন্ত ইতিবাচক থাকছি।’
