এরিকসনকে ৫৫০ কোটি না দিলে অনিল আম্বানির তিন মাসের জেল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৪ পিএম

চার সপ্তাহের মধ্যে সুইডিশ টেলিকম সংস্থা এরিকসনকে ৫৫০ কোটি টাকা মিটিয়ে না দিলে তিন মাসের জেল খাটতে হবে অনিল আম্বানিকে। আদালত অবমাননার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে বুধবার এমন রায় দিয়েছে ভারতের শীর্ষ আদালত।

প্রাপ্য টাকা মেটাচ্ছে না অনিল আম্বানির সংস্থা, এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করে এরিকসন। বুধবার মামলার শুনানি শুরু হলে আদালত বলেন, ‘তাদের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করেছেন অনিল আম্বানি।’

এরিকসনের আরও অভিযোগ রাফাল প্রকল্পের জন্য অনিলের সংস্থা টাকা বিনিয়োগ করতে পারছে, অথচ তাদের বকেয়া ৫৫০ কোটি টাকা দিচ্ছে না। যদিও এরিকসনের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অনিলের সংস্থা।

আদালতকে অনিল জানিয়েছেন, এরিকসনের বকেয়া মেটানোর জন্য তারা চেষ্টা করেছিলেন। কিন্তু সম্পত্তি বিক্রি নিয়ে তার ভাই মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র সঙ্গে যে চুক্তি হয়েছিল তা ব্যর্থ হওয়ায় সমস্যায় পড়েছে তার সংস্থা।

বকেয়া মেটাতে দেরি হওয়ায় ১২ শতাংশ সুদও দিতে হবে তাদের। আসল টাকা ছিল ৪৫০ কোটি। সুদে আসলে সেটি এখন ৫৫০ কোটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত