মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ব্রামবেল কে মেলোমে নামে ইঁদুরের একটি প্রজাতি এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। পাপুয়া নিউগিনির টরেস অন্তরীপের একটি ছোট দ্বীপে ছিল এই ইঁদুরের বসবাস। ২০০৯ সালের পর আর ওই ইঁদুরের দেখা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।
বিজ্ঞানীরা বলছেন, পাপুয়া নিউগিনিতে একই প্রজাতির ইঁদুর পাওয়ার সম্ভাবনা থাকলেও জলবায়ু পরিবর্তনে ওই অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সম্ভাবনাও ক্ষীণ। আন্তর্জাতিক ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার সংস্থার মতে, বিশ্বে বিভিন্ন প্রাণীর বিলুপ্তির হার সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ায়। দেশটির সরকার এরই মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়া এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের একটি তালিকা তৈরিতে কাজ করছে। অ্যাডভোকেসি গ্রুপ দ্য ওয়াইল্ডারনেস সোসাইটির মুখপাত্র টিম বেসারা বলেন, ‘ব্রামবেল কে মেলোমে দেখতে কিছুটা বাদামি ছিল। কিন্তু এদের টিকে থাকা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ছিল এবং তা করতে আমরা ব্যর্থ হয়েছি।’