হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বিভিন্ন ডেস্কের সাইনবোর্ড ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখার নির্দেশনা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবুধাবি থেকে ফেরার পর আকস্মিকভাবে বিমানবন্দরের সব কাউন্টার, প্রবাসীকল্যাণ ডেস্ক ও ইমিগ্রেশন কাউন্টার পরিদর্শন করে এ নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত কর্মকর্তাদের ইমরান আহমদ বলেন, ‘বিমানবন্দরে স্থাপিত সব ডেস্কের সাইনবোর্ড বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখতে হবে। কোন ডেস্ক থেকে কী কী সেবা দেওয়া হয় তাও উল্লেখ করতে হবে।’
এ সময় ইমিগ্রেশনে নারীদের জন্য এবং ভ্রমণ ভিসায় গমনকারীদের জন্য আলাদা অপেক্ষমাণ লাইন করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। এছাড়া প্রবাসীকল্যাণ ডেস্কটি স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি। প্রতিমন্ত্রী প্রবাসীকল্যাণ ডেস্কে বিএমইটির স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করে প্রতিদিন কতজনকে সেবা দেওয়া হয় তার একটি তালিকা তৈরির নির্দেশ দেন। সেখানে উপস্থিত যাত্রী ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন ইমরান আহমদ।
বিমানবন্দর পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেন এবং বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান।
