মেয়েকে পোলিও টিকা খাওয়াতে না চাওয়ায় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও চ্যানেলের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, ফাওয়াদ খান সহ ছয়জনের বিরুদ্ধে দেশটি পোলিও টাস্কফোর্স লাহোরে এসব অভিযোগ দায়ের করা হয়। তার মধ্যে ফয়সাল টাউন থানায় চারটি আর বাকি দুইটি হচ্ছে মডেল টাউন থানায়।
পাক প্রধানমন্ত্রী অফিসের পোলিও টাস্কফোর্সের মুখপাত্র বাবর বিন আতা বলেন, “ফাওয়াদের স্ত্রীর ধারণা, যুক্তরাজ্যে দেওয়া ভ্যাকসিনই তাদের মেয়েকে ওয়াইল্ড পোলিও ভাইরাস (ডব্লিওপিভিওয়ান) থেকে সুরক্ষা দেবে। সেটি মুখে খাওয়া ভ্যাকসিন নয়। একমাত্র খাওয়ানো ভ্যাকসিনই ডব্লিওপিভিওয়ান থেকে রক্ষা করতে সক্ষম।”
এদিকে লাহোরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, টিকাদানের জন্য কর্মীরা ফাওয়াদের বাসায় গেলে তাদের সঙ্গে তার গাড়িচালক এবং পরিবার দুর্ব্যবহার করেন।
এক টুইটার বার্তায় তিনি বলেন, “ফাওয়াদ আমাদের গর্ব। আমি তাকে অনুরোধ জানাবো, তিনি যাতে তার মেয়েকে টিকা খাওয়ানোর অনুমতি দেন। লাহোরে গত সপ্তাহেও একজন পোলিও আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। আমাদের উচিত শিশুদের পোলিও থেকে রক্ষা করা।”
