শালকের মাঠে সিটির রোমাঞ্চকর জয়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৮ এএম

লেরয় সানে ও রাহিম স্টালিংয়ের শেষ দিকের গোলে শালকের মাঠে রোমাঞ্চকর এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এই জয়ে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে অনেকটা এগিয়ে রইল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির লড়াইয়ে শালকেকে ৩-২ গোলে হারায় সিটি। প্রথমার্ধে সের্গিও আগুয়েরোর গোলে এগিয়ে যাওয়া যায় অতিথি দল। শেষ দিকে পাঁচ মিনিটের ব্যবধানে সানে ও স্টার্লিং গোল করলে জয় নিশ্চিত হয় তাদের।

স্বাগতিক দলের হয়ে পেনাল্টি থেকে দুটি গোল শোধ করেন আলজেরিয়ান মিডফিল্ডার নাবিল বেন্তালেব।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় সিটি। গোল পেতেও খুব বেশি দেরি হয়নি তাদের। অষ্টাদশ মিনিটে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন আগুয়েরো। দাভিদ সিলভার পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে গোল করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধেই গোলটি শোধ করে শালকে। দলটির জার্মান উইঙ্গার দানিয়েল কালিগিরির শট ডি-বক্সের ভেতরে সিটির ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির হাত ছুঁয়ে দূরের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে পেনাল্টি আবেদন করে স্বাগতিকরা। ভিএআরের সাহায্য নিয়ে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। সহজ সুযোগ কাজে লাগান বেন্তালেব।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবারো স্পটকিক পায় স্বাগতিক দল। ডি-বক্সে সালিফ সানেকে সিটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিরমিনো বাজেভাবে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি শট কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন বেন্তালেব।

ম্যাচের ৬৮তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে আর্জেন্টাইন সেন্টার-ব্যাক নিকোলাস ওতামেন্দি লাল-কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় সিটি। তবে দমে যায়নি তারা।

৮৫তম মিনিটে সানের দারুণ এক গোলে ম্যাচে সমতা ফেরায় সিটি। ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক ফ্রি-কিকে জালে বল জড়ান জার্মান এই উইঙ্গার। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোল করে স্টার্লিং। এদেরসনের পাসে ডান পায়ের শটে গোলটি করেন ইংলিশ এই উইঙ্গার।

আগামী ১২ মার্চ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে মুখোমুথি হবে দল দুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত