জনবসতিপূর্ণ এলাকা থেকে ঝুঁকিপূর্ণ কারখানা সরাতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১৬ পিএম

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। অগ্নিকাণ্ডের জন্য বিভিন্ন রাসায়নিক কারখানা দায়ী বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে।

এরই পরিপ্রেক্ষিতে ‘জনবসতিপূর্ণ এলাকা থেকে ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা অপসারণের দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে এই মৌন মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী বলেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এখানে এসেছি। আমরা সবাই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। আর কোন মানুষ যেন অগ্নিদগ্ধ হয়ে এ রকম মর্মান্তিক মৃত্যুর শিকার না হয়,আমরা সেই নিশ্চয়তা চাই।

আমরা অবিলম্বে পুরান ঢাকাসহ দেশের সব অগ্নি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ঢাবি শিক্ষার্থী এস এম আবদুর রহমান আবির বলেন, বুধবার রাতে যে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা হয়েছে তা আসলে কাম্য নয়। এই সংবাদ আমাদের ব্যথিত করে। সামনে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে এমন ব্যবস্থা এখনই গ্রহণ করতে হবে। মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আবেদন যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয় এবং চকবাজারের মতো এলাকা হতে ঝুঁকিপূর্ণ এ রকম শিল্পকারখানা সরিয়ে নেওয়া হয়।

মানববন্ধন শেষে একটি মৌন মিছিল ক্যাম্পাসে প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত