অলিম্পিকে চোখ রেখে দিল্লি যাচ্ছেন বাকী-শাকিল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৪ পিএম

দিল্লিতে বুধবার থেকে শুরু হয়েছে বিশ্বকাপ শ্যুটিং। প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশর ১১ শ্যুটার। ৬ জন পিস্তল শ্যুটার ও ৫জন রাইফেল শ্যুটারের মধ্যে রয়েছেন কমনওয়েলথ গেমসে রুপা জয়ী আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ। অলিম্পিকে কোয়ালিফাইয়ের স্বপ্ন নিয়ে শ্যুটিং বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন এই দুই তারকা।

বছরের প্রথম এই শ্যুটিং বিশ্বকাপে অলিম্পিকে কোটা প্লেস অর্জনের সুযোগ মিলবে। রাইফেল শ্যুটার বাকী ও পিস্তল শ্যুটার শাকিল সেটিকেই করেছেন পাখির চোখ। কাজটা চ্যালেঞ্জিং হলেও অনুশীলনে যে স্কোর করেছেন, সেটিই আত্মবিশ্বাস যোগাচ্ছে দুজনকে।

শুক্রবার দিল্লির বিমান ধরবে শ্যুটিং বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশের সদস্যরা। রাইফেল ইভেন্টে অংশ নেওয়া শ্যুটাররা হলেন- আবদুল্লাহ হেল বাকী, রবিউল ইসলাম, অর্ণব শারার লাদিফ, সৈয়দা আতকিয়া হাসান দিশা ও উম্মে জাকিয়া সুলতানা টুম্পা। পিস্তলে অংশ নেবেন- শাকিল আহমেদ, নুর হাসান আলিফ, আবদুর রাজ্জাক, আরদিনা ফেরদৌস, আরমিন আশা ও নিলুফা ইয়াসমিন।

কমনওয়েলথ গেমস ও এসএ গেমসে দেশকে সাফল্য এনে দেওয়া বাকী ও শাকিলের উপরই দৃষ্টি থাকছে সবার। বাকী নিজেই বলছেন, ‘‘স্বপ্ন নিয়েই যাচ্ছি। ৬২৫-৬২৬ যেন মারতে পারি। সেটা করতে পারলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। আর ফাইনালে উঠতে পারলেই অলিম্পিকের টিকিট মিলবে। প্র্যাকটিসে আমি ৬২৪ মেরেছে। বাকিটা আল্লাহর ইচ্ছে।’’ বাকীর ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি।

নিজের পারফরম্যান্স আত্মবিশ্বাস দিচ্ছে পিস্তল শ্যুটার শাকিলকে। এসএ গেমসে সোনা ও কমনওয়েলথে তিনি রুপা জিতেছেন ৫০ মিটার ফ্রি পিস্তলে। তবে সেই ইভেন্টে অলিম্পিকে নেই। দিল্লিতে অংশ নিচ্ছেন ১০ মিটার পিস্তল ইভেন্টে।

তবে এই ইভেন্ট নিয়েও এখন বেশ আশাবাদী শাকিল, ‘‘অনুশীলনে ভালো স্কোর হয়েছে। ৫৮০ মধ্যে স্কোর করতে পারলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। আমার ৫৭৫-৫৮০’র মধ্যে হচ্ছে নিয়মিত।’’ ২৪ ফেব্রুয়ারি রেঞ্জে নামবেন শাকিল।

বছর জুড়ে শ্যুটিং বিশ্বকাপের আসর হবে আরো কয়েকটি। এই আসর থেকে কোটা অর্জনের সুযোগ না মিললে পরের গুলোতেও আসবে সেই সুযোগ। তবে শাকিল বলছেন, ‘‘ভালো ভালো যারা অ্যাথলেট তারা এখান থেকে ঢুকে যাবে। পরের গুলোতে সুযোগ আমাদের বেশি থাকবে। তবে লক্ষ্য প্রথমবারই ঢুকে যাওয়া।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত