মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৬ পিএম

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় ৬০ টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

উপজেলার খলিশাখালি গ্রামে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামলাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, খলিশাখালীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা দাউদ বিশ্বাস ও স্বপন বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দাউদের সমর্থক সজিবের সঙ্গে স্বপনের সমর্থক এনায়েতের কথাকাটাকাটি শুরু হয় এবং তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে মহিলাসহ ২০ ব্যক্তি আহত হয় এবং ৬০টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে শিমুল(২৭), খোকন(৪০), তালেব (৪০), শাহাজান(৩০), আজাদ(৩৮), হিরুমোল্যা (৪০), ওবায়দুর(৪০), রজব(৩৫), তোতা মিয়া(২৮), আকাশ(১৮), শামসুন্নাহারকে (৬০)কে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত । পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায়  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত