সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় যুবক আটক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪০ পিএম

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে (৭) ধর্ষণের ঘটনায় বখাটে যুবক ফাহিম শেখকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপরে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক ফাহিমকে আটক করেছে সাভার মডেল থানা-পুলিশ।

এঘটনায় থানায় মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আটক ধর্ষক ফাহিম শেখ (১৯) কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার আরকান্দি মেঘনাপাড়া গ্রামের রতন শেখের ছেলে। সে সাভারের রাজ ফুলবাড়িয়া শোভাপুর এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থেকে ইলেকট্রিশিয়ানের কাজ করত বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, শনিবার রাতে রাজ ফুলবাড়িয়া শোভাপুর এলাকার মোহাম্মদ আলীর ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকা সাত বছরের শিশু মাদ্রাসা শিক্ষার্থীকে কৌশলে নিজের ঘরে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী ভাড়াটিয়া ফাহিম শেখ। এ সময় শিশুটির চিৎকারের বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারী ফাহিম পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই শিশুটির পরিবারের সদস্যরা রবিবার সকালে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার দুপরে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক ফাহিম শেখকে আটক করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ অধিকারী বলেন, মাদ্রাসা শিক্ষার্থী শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষক ফাহিমকে আটক করে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত