ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ ঊষা। ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগে গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন তার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। ফাহমিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী ফাহমিদা মজিদ ঊষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু ডাকসু নির্বাচনের ভোটার তালিকায় তার নাম নেই। তিনি (ঊষা) জানিয়েছেন, আরও অনেকের নাম ভোটার তালিকায় নেই।’ রিটকারীর আইনজীবী আরও বলেন, ‘ভোটার তালিকায় রিটকারীর নাম না থাকায় রিট আবেদনটি করা হয়েছে। তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করে নির্বাচনের তফসিল ঘোষণা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে রুল চাওয়া হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে।’ কাজল জানান, আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
গত ১১ ফেব্রুয়ারি ঘোষিত ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এছাড়া ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা ও বাছাইয়ের দিন নির্ধারিত রয়েছে। ডাকসু নির্বাচনে ভোট হবে ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
