ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের ছোড়া এসিডে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী ও তার মা ঝলসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন তানজিনা আখতার (১৬) ও মা মরিয়ম (২৯)। জমি নিয়ে বিরোধের জেরে গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন। আহতদের মধ্যে তানজিনাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে ঝাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের মেয়ে। ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তানজিনা। তার চাচা আবু হাসান দেশ রূপান্তরকে জানান, মোস্তফা কামালের সঙ্গে প্রতিবেশী আমজাদের জমি নিয়ে বিরোধ আছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। রোববার আমজাদ ওই জমিতে চাষ দিতে গেলে মোস্তফা বাধা দেয়। দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে তানজিনা ও তার মা এগিয়ে যায়। তখন আমজাদসহ কয়েকজন মা-মেয়ের দিকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তানজিনার পিঠ ও মরিয়মের হাত ঝলসে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন শাহজাহান নেওয়াজ গতকাল সোমবার বিকেলে বলেন, ‘এসিডে তানজিনার পিঠের ১০ শতাংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।’ রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার বলেন, ‘এসিড নিক্ষেপের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
×
