আবাহনীকে ছিটকে দিয়ে সেমিতে প্রাইম ব্যাংক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩২ পিএম

রুবেল মিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের ভিত গড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এরপর বলহাতে আলো কাড়লেন মোহর শেখ, অলক কাপালি ও আল-আমিন হোসেন। তাতে শক্তিশালী আবাহনী লিমিটেড ন্যূনতম লড়াইটাও জমাতে পারল না। আকাশি-নীলদের হারিয়ে প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের সেমিফাইনালে জায়গা করে নিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার আবাহনীকে ৪৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আবাহনী। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানের স্কোর গড়ে প্রাইম ব্যাংক। জবাবে ৯ উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি আবাহনী।

নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছিল উভয় দল। এই ম্যাচটি তাই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের জন্য একরকম ফাইনালে রূপ নিয়েছিল।

এমন ম্যাচে যেমন ব্যাটিং দরকার ঠিক সেই ব্যাটিংটাই করেছে প্রাইম। ব্রাদার্সের বিপক্ষে ৪৪ রানের ইনিংস খেলা ওপেনার রুবেল মিয়াই এগিয়ে এলেন। খেললেন ৫৬ বলে ৭৬ রানের ইনিংস। ৭টি চারের সঙ্গে মারলেন ৪টি ছক্কা।

রুবেলের সঙ্গে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেছিলেন এনামুল হক বিজয়ও। দুজন উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৭ রান। ২২ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৭ রান করেন এনামুল। চারে নেমে আল-আমিন ২০ ও আরিফুল হক ২১ রান করেছেন।

জবাব দিতে নেমে আবাহনী আল-আমিন হোসেনের জোড়া আঘাতে ২০ রানে হারায় ৩ উইকেট। অন্য উইকেট নেন মোহর শেখ। এরপর অলক কাপালি নিলেন তিন উইকেট। মাঝে একটি নেন আল-আমিন, আর মোহর শেখ আরো দুটি। তাতে ৯ উইকেটে ১২৭ রানে আটকে যায় আবাহনী।

শেষ দিকে জাতীয় দলের পেসার রুবেল হোসেন দারুণ ব্যাটিং করেছেন। ২৩ বলে ২ ছক্কা ও ৩ চারে খেলেছেন ৩৬ রানের ইনিংস। আবাহনীর পক্ষে রুবেলের ইনিংসটিই সর্বোচ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত