আটক ভারতীয় সেনার নতুন ভিডিও ছেড়েছে পাকিস্তান। ভিডিওতে পাকিস্তান বাহিনীর আচরণে ওই সেনা অভিভূত হয়েছেন বলে জানান। তিনি ভারতের বাহিনীর কাছ থেকেও এমন আচরণ প্রত্যাশা করেন বলে জানান।
ভিডিওতে তাকে একটি চা অথবা কফির কাপ হাতে দেখা যায়। আগের ভিডিও এবং ছবিতে মুখে যে রক্তের দাগ ছিল তা দেখা যায়নি। সেনা সদস্যকে অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। তিনি স্বেচ্ছায় ভিডিও করতে রাজি হয়েছেন।
ওই ভারতীয় সেনা নিজের নাম বলেন অভি নন্দন। তিনি বিবাহিত এবং ভারতের দক্ষিণের বাসিন্দা বলে জানান।
ভিডিওতে কয়েকবার কাপে চুমুক দিতে দেখা গেছে অভি নন্দনকে। এ সময় তিনি বিমান বিধ্বস্তের পর উদ্ধারসহ পরবর্তী আচরণ নিয়ে পাকবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
পাকিস্তান দাবি করে, তাদের আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত আবার এই দাবি অস্বীকার করে। তারা জানায়, পাকিস্তান বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
এরপর নিজেদের পাইলট নিখোঁজের ব্যাপারটি স্বীকার করে ভারত। পাকিস্তান থেকে ভারতীয় পাইলট গ্রেপ্তারের দাবি ওঠার কয়েক ঘণ্টা পর এ বিষয়ে এক বিবৃতি দেয় ভারতীয় সেনাবাহিনী।
তবে জাতির উদ্দেশ্যে এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের শান্তি ও সংলাপের প্রস্তাব দেন। এরপর ভারতীয় আটক সেনার দ্বিতীয় ভিডিও প্রকাশ করা হয়।
১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হামলায় ভারতের ৪৯ জন সেনা প্রাণ হারান। মোদি সরকারের দাবি, পাকিস্তানের মদদে এই হামলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবার ভারতের অভিযোগ অস্বীকার করে ‘কার্যকর প্রমাণ’ চান। সঙ্গে এও বলেন, ‘ভারত হামলা করলে আমরা উচিত জবাব দেব।’
