নেপালের তাপলেজুং জেলার পাথিভারার কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
গতকাল বুধবার বিকেলের দুর্ঘটনায় নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলট, এক পর্যটন উদ্যোক্তা, মন্ত্রীর নিরাপত্তারক্ষী, নেপালি প্রধানমন্ত্রীর দুই ঘনিষ্ঠ সহযোগী ও অন্য একজন রয়েছেন বলে জানা গেছে। নেপালের স্বরাষ্ট্র সচিব প্রেম কুমার রাই জানান, এয়ার ডাইন্যাস্টির ওই হেলিকপ্টারে করে পাথিভারার পাশের জেলা তেহরাথুমের চুহানদানদায় একটি এয়ারস্ট্রিপের সম্ভাব্যতা যাচাই করতে গিয়েছিলেন তারা। মন্ত্রীসহ হেলিকপ্টারটিতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন অথরিটি অব নেপালের (সিএএএন) মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি।
জানা যায়, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেদিকে প্রচুর তুষারপাত হয়েছিল। ঘটনাস্থলে একটি ওয়ালেট পাওয়া গেছে এবং ভেতরে থাকা কাগজপত্র থেকে এটি হেলিকপ্টারটির পাইলটের বলে নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রী রবীন্দ্র অধিকারী ও তার সহযোগীরা পাথিভারা মন্দিরে পূজা দেওয়ার পর রাজধানী কাঠমান্ডুতে ফেরার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পাথিভারা মন্দির থেকে উড্ডয়নের এক মিনিটের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
